এয়ারবাসের সঙ্গে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

- 1

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষ্যে আগামী বুধবার (৭ অক্টোবর) চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকার একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চুক্তির আওতায় চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কিনবে বিমান। জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দূরপাল্লার ও আঞ্চলিক রুটের নেটওয়ার্ক শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এয়ারবাসের কাছ থেকে উড়োজাহাজ কেনার এ প্যাকেজের মূল্য ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারের বেশি হতে পারে।

এর আগে গত ৩০ এপ্রিল ও ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে পৃথক দুটি চুক্তির মাধ্যমে মোট ২৫টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করে বিমান। এসব উড়োজাহাজের মোট মূল্য প্রায় ৬৪০ কোটি ডলার। এর মধ্যে ১৫টি ওয়াইডবডি ও ১০টি ন্যারোবডি উড়োজাহাজ রয়েছে।

বোয়িংয়ের উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে অন্তত একটি উড়োজাহাজ ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে সরবরাহের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বোয়িং ও এয়ারবাস মিলিয়ে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এটি জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের উদ্যোগ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হলে বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি নতুন রুট চালু ও বিদ্যমান রুটে ফ্লাইট বাড়ানোর সুযোগ তৈরি হবে।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স