‘কার্ড-চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, চাকরি ও স্বাস্থ্যসেবাসহ অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। এর বিনিময়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জেলা পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়।

মীর শাহে আলম বলেন, ‘ফ্যামিলি কার্ড দেব, কৃষক কার্ড দেব, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেব, চাকরি দেব, স্বাস্থ্যসেবা দেব, খাল খনন করব, রাস্তাঘাট-ব্রিজ করব—অর্থনৈতিক উন্নয়নের জন্য যা যা করার আমরা করব। এর বিনিময়ে আমাদের দাবি একটাই, ভোট দিতে হবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে।’

তিনি আরও বলেন, ‘এটা যদি না করেন, তাহলে সরকার, আমরা অসন্তুষ্ট হব। তখন আর নতুন নতুন রাস্তার ভিত্তিপ্রস্তরের জন্য আমরা আর আসব না।’

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নয়নে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। সমস্যাগুলোর সমাধান করে পাঁচ বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে যাওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, ‘যেখানে ব্যর্থ হয়েছি, আমরা দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি। কারণ, জনগণের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক।’

 

মীর শাহে আলম বলেন, ‘বাইশ কিলোমিটার রাস্তার জন্য আমরা বাইশ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। একটি রাজনৈতিক সরকার এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে। এখানে আমাদের রাজনৈতিকভাবে কিছু স্বার্থ আছে।’

তিনি বলেন, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচিত করলে এলাকার উন্নয়ন আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সামনে কিছু পরীক্ষা আছে আপনাদের, ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে সাইফুল যাদের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেবেন, তাদের আপনাদের নির্বাচন করতে হবে—যদি এলাকার এবং মানুষের উন্নয়ন চান।’

তিনি আরও বলেন, বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র নির্বাচিত হলে এলাকার রাস্তা, দরগা ও অন্যান্য উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হবে।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মীর শাহে আলম বলেন, বাংলাদেশে একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোট চেয়েছিল এবং মানুষকে ‘বেহেশতে নিয়ে যাওয়ার’ কথা বলেছিল।

তিনি বলেন, ‘আমরা আপনাদের বেহেশতের গ্যারান্টি দিতে পারব না। বেহেশতে যাওয়ার জন্য মহান আল্লাহ প্রদত্ত কোরআন, হাদিস এবং নবী করিম (সা.)-এর নির্দেশনা পালন করতে হবে। আমরা আপনাদের উন্নয়নের গ্যারান্টি দিতে চাই।’

তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। তার দাবি, ওই সময় জামায়াতের নেতাদের ‘রাজাকার’ পরিচয় থেকে বের করে আনার চেষ্টা করা হয়েছিল। বর্তমানে জামায়াত বিষয়টি ভুলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

অনুষ্ঠানে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য জেলা পরিষদের উদ্যোগে কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন এবং বিএনপি নেতা মিশকাতুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্র: ইত্তেফাক

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স