ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন, মন্ত্রিসভায় সংশোধনী অধ্যাদেশ অনুমোদন

ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন থেকে প্রতি তিন কর মেয়াদ শেষে একবারের পরিবর্তে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে অধ্যাদেশের খসড়াটি উপস্থাপন করা হয়।

 

মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মাঠপর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা বাড়াতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়া আরও গতিশীল করা এবং ভ্যাট ব্যবস্থাপনায় কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিসভা অধ্যাদেশটির খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

Related posts

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, একদিনের ছুটিতে মিলবে টানা ৫ দিনের অবকাশ