বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের পতনের পরও দলটির নেতাকর্মীরা ‘সাহস’ দেখাচ্ছেন। ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে। তবে এসব হুমকি-ধমকিতে কোনো কাজ হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, ‘আমি টুকু ক্ষমতার অপব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেব।’
তিনি বলেন, ‘আমরা জানি, আপনাদের পুলিশ ধরছে না। আপনারা বাড়িতে থাকেন। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে চলবেন, এটা মানা হবে না। আইনের মাধ্যমে আপনাদের যে শাস্তি হওয়ার, তা হবে।’
জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে টুকু বলেন, ‘জামায়াতের আমির সিরাজগঞ্জে এক আঙুল দেখিয়েছিলেন। কিন্তু তাতে কোনো লাভ নেই।’
সিরাজগঞ্জ শহরে সম্প্রতি সংঘর্ষের প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমি সিরাজগঞ্জ শহরে শান্তি চাই। শহরে অশান্তি হলে আমি টুকু ছেড়ে দেব না। কিছুদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা ন্যক্কারজনক। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, ‘আর অল্প কিছুদিন পর দুর্গাপূজা শুরু হবে। যারা অন্য ধর্মে বিশ্বাস করেন, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সহযোগিতা ও সাহায্য করব। এটাই ইসলাম শেখায়। রাসুল (সা.) শিখিয়ে গেছেন, অন্যের ধর্ম নিয়ে কটূক্তি বা কটাক্ষ না করতে।’
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে টুকু বলেন, ‘আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। আপনারা ভোট দিয়েছেন।’
তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, সেটা এখন নেই। ধৈর্য ধরে আপনারা সরকারের সঙ্গে ছিলেন। আপনাদের সঙ্গেই দেশ চালাতে চাই।’
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।