শ্রীপুর কাপড়ের মার্কেটে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের

ফারুক আহমেদ, (স্টাফ রিপোর্টার):

শ্রীপুর বৃহত্তর কাপড়ের পাইকারি মার্কেটে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন মার্কেটের মালিক মোহাম্মদ ইমাম হাসান। গত ২৪ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে প্রায় ২০-৩০ জনের একটি দল অতর্কিতভাবে মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ ওঠে।

এর আগে এক সংবাদ সম্মেলনে ইমাম হাসান অভিযোগ করেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের নির্দেশে সানজিদ ও লিংকনের নেতৃত্বে দলটি হামলা চালায়।

হামলার আগে মোবাইল ফোনে তার কাছে চাঁদা দাবি করা হয় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি জানান। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর হামলাকারীরা মার্কেটের অফিসের দরজা-জানালা ও কাচ ভেঙে তছনছ করে এবং জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, ফ্রান্সের নাগরিক ইমাম হাসান নিজেকে বিএনপির একজন কর্মী এবং ফ্রান্স-বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দাবি করেন। তবে তার অভিযোগ অনুযায়ী, চাঁদাবাজ চক্রটি তাকে “আওয়ামী লীগ” হিসেবে ট্যাগ দিয়ে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে এবং এই পরিচয় ব্যবহার করে তাকে মার্কেট থেকে বিতাড়িত করারও চেষ্টা চালায় বলে অভিযোগ।

ইমাম হাসান বলেন, হামলাকারী দলের অনেক সদস্যের মুখ তার পরিচিত হলেও তাদের নাম তিনি জানেন না। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

মামলা দায়েরের পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম, সানজিদ বা লিংকনের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Related posts

জাতিসংঘে পারিবারিক ঐতিহ্যের বিশ্বতালিকায় জিয়া পরিবার

যুক্তরাষ্ট্রের হুমকিতে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান

জি২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানাল যুক্তরাষ্ট্র