যুক্তরাষ্ট্রের হুমকিতে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের মুখে ইরান কখনো মাথা নত করবে না বলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি দেওয়ার একদিন পর বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

ট্রাম্পকে উদ্দেশ করে পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা, অতিরিক্ত চাপ ও হুমকি বাড়ানো হলে ইরানি জনগণের প্রতিরোধ আরও শক্তিশালী হবে। তিনি বলেন, ‘আমরা কখনোই মাথা নত করব না কিংবা হাঁটু গেড়ে বসব না।’ একই সঙ্গে ইরান শান্তি প্রতিষ্ঠার স্বার্থে সংলাপ, কূটনীতি ও আলোচনার পথ খোলা রাখবে বলেও জানান তিনি। তবে বলপ্রয়োগ বা হুমকির ভাষায় কোনো আলোচনা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করেন।

ভাষণের শুরুতেই পেজেশকিয়ান সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ছবি হাতে তুলে ধরেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হয়েছেন বলে ইরান জানিয়েছে। পেজেশকিয়ান ওই হামলার সমালোচনা করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ তোলেন।

এ সময় তিনি ইরানে হামলায় নিহত শিশুদের ছবি এবং তাদের মৃত্যুর ঘটনাকে তুলে ধরেন। বিশেষ করে মিনাবের একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি প্রদর্শন করেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় বিপুলসংখ্যক মানুষ নিহত হয়েছিল। জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশন এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের দায় থাকার ‘যুক্তিসংগত ভিত্তি’ পাওয়ার কথা জানিয়েছে এবং ঘটনাটিকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার কথা বলেছে।

পেজেশকিয়ানের ভাষণটি এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যেই ফেব্রুয়ারিতে সামরিক সংঘাত শুরু হয়। যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, জ্বালানি সরবরাহ ও নৌপথের ওপরও চাপ তৈরি হয়েছে।

ভাষণে পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি; বরং হামলার জবাবে আত্মরক্ষা করেছে। একই সঙ্গে তিনি জানান, দেশটি কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। তবে আলোচনায় শক্তি প্রয়োগ বা হুমকির ভাষা গ্রহণযোগ্য নয়।

এর আগে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি দেন। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনার কথাও জানান। এর পরদিনই পেজেশকিয়ান জাতিসংঘের মঞ্চে পাল্টা অবস্থান তুলে ধরেন।

সূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স, এএফপি

Related posts

জাতিসংঘে পারিবারিক ঐতিহ্যের বিশ্বতালিকায় জিয়া পরিবার

জি২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানাল যুক্তরাষ্ট্র

জলবায়ু ন্যায়বিচার ও সহজ শর্তে অর্থায়নের আহ্বান সাইমুম পারভেজের