পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ। প্রতিবছর আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ছুটি থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে চাঁদ দেখার ওপর ছুটির তারিখ নির্ভর করায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ওই তারিখ পরিবর্তন করে। এ বিষয়ে রোববার বিকেলে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর জীবন, আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হবে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এ ছুটি প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। কোনো বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকলে সাধারণত কর্তৃপক্ষ আগে থেকেই এ বিষয়ে নোটিশ জারি করে।
‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ অর্থ ১১তম দিনের ফাতেহা বা ফাতেহা শরিফ। প্রতি হিজরি বছরের রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালন করা হয়।
বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে এটি পালিত হয়ে আসছে। হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অনেকের কাছে দিবসটি ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।