Home আজকের মিল্লাত এসআরবির তিন দিনের অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র-মাদক উদ্ধার

এসআরবির তিন দিনের অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র-মাদক উদ্ধার

A+A-
Reset

র‍্যাব বিলুপ্ত করে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথম তিন দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

গত বুধবার থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ মামলার আসামি, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

এ ছাড়া অবৈধ অস্ত্র বহন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, ডাকাতি, প্রতারণা, জাল টাকার ব্যবসা, জুয়া, চোরাচালান ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, তিন দিনের অভিযানে সারা দেশ থেকে নয়টি আগ্নেয়াস্ত্র, ৫০০ গ্রামের বেশি হেরোইন, ২৩১ বোতল ফেনসিডিল, ২০০ কেজি গাঁজা, পাঁচ হাজার ইয়াবা বড়ি এবং দেশি-বিদেশি ২৯ লিটার মদ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২০২৬’ আইনের প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করে সরকার। এর মধ্য দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট কার্যকর করা হয়।

আইন অনুযায়ী, র‍্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা ও কর্তৃত্বসহ বিদ্যমান সুযোগ-সুবিধা এসআরবির কাছে হস্তান্তর ও ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে র‍্যাবের তহবিল, নগদ অর্থ ও ব্যাংক হিসাবের অর্থ, দায়-দেনা, চুক্তি, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, হিসাবের বই, রেজিস্টার, রেকর্ডপত্র এবং সংশ্লিষ্ট সব দলিলও এসআরবির কাছে তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা হয়েছে।

নতুন এই বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরুর পর প্রথম তিন দিনের অভিযানে বিপুলসংখ্যক গ্রেপ্তার ও অস্ত্র-মাদক উদ্ধারের তথ্য জানিয়েছে এসআরবি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা