আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার ও পাক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে এসব হামলা চালানো হয়।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে কুনার প্রদেশের নূরগাল জেলার পাতান গ্রামে একটি বসতবাড়িতে পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালায়। আফগান কর্মকর্তাদের দাবি, এতে একই পরিবারের তিনজন নিহত এবং কয়েকজন আহত হন। হামলায় একটি বাড়িও ধ্বংস হয়েছে।

এরপর ভোর ৪টার দিকে পাক্তিকা প্রদেশের বারমাল জেলার টোর কান্দি ও রাখাহ এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সেখানে একটি খালি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানে হামলার বিষয়ে সোমবার সকাল পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা হামলায় সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর আস্তানাকে লক্ষ্য করা হয়েছিল এবং ২৮ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বালুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বেড়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের ভেতরে অবস্থান করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল প্রশাসন এ অভিযোগ বারবার অস্বীকার করেছে।

হামলার এক দিন আগে খাইবার পাখতুনখাওয়ার হাংগু জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে দুই কর্মকর্তাসহ ছয় পাকিস্তানি সেনা নিহত হন। এর আগে কোহাটে একটি পুলিশ কমপ্লেক্সে হামলার ঘটনাতেও পাকিস্তান আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে। তবে এসব হামলার দায় কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকেই সীমান্ত নিরাপত্তা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তান এর আগে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়ে সেগুলোকে টিটিপি ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে তালেবান কর্তৃপক্ষ এসব হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক বিমান হামলার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর দুই দেশের সীমান্তে আবারও উত্তেজনা বেড়েছে।

সূত্র: খামা প্রেস

Related posts

সৌদির সামরিক চাহিদা পূরণে প্রস্তুত তুরস্ক, জানালেন ফিদান

হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানে ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ, বৈঠকের আগে বাড়ল উত্তেজনা