Home আজকের মিল্লাত সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের, ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের ইঙ্গিত

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের, ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের ইঙ্গিত

A+A-
Reset

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে তুরস্ক। বিশেষ করে কারিগরি ও প্রযুক্তিগত সামরিক সহায়তার প্রয়োজন হলে রিয়াদকে সহযোগিতা করতে আঙ্কারা প্রস্তুত বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) তুরস্কের স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর আঘাত আসছে। এ পরিস্থিতিতে দেশটির প্রয়োজন অনুযায়ী কারিগরি ও প্রযুক্তিগত সামরিক সহায়তা দিতে তুরস্কের কোনো আপত্তি নেই।

ফিদান বলেন, “আমরা দেখছি সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর আঘাত আসছে। তাদের সঙ্গে আমাদের একটি পারস্পরিক চুক্তি রয়েছে। সৌদি আরবের এখন কিছু সামরিক সহায়তা প্রয়োজন, বিশেষ করে কারিগরি ও প্রযুক্তিগত ক্ষেত্রে। এ ধরনের সহায়তা দিতে আমাদের কোনো আপত্তি নেই।”

তিনি আরও জানান, চলমান সংকটে সৌদি আরবের পাশে দাঁড়াতে তুরস্ক অঙ্গীকারবদ্ধ। প্রয়োজন হলে কারিগরি সামরিক সহায়তা দিতে আঙ্কারা প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের কথা বলা হয়েছে।

চুক্তিতে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সই করেন।

এর আগে শনিবার হুথিরা সৌদি রাজধানী রিয়াদের কয়েকটি ‘সংবেদনশীল’ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে। একই সময়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ও কালো ধোঁয়া দেখা যায়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুথিরা রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল, যা প্রতিহত করা হয়। তবে হুথিরা রিয়াদ ও সৌদি আরবের অন্যান্য স্থাপনায় হামলার দাবি করেছে।

হামলার ঘটনায় বিমানবন্দরের কাছে জ্বালানি সংরক্ষণ স্থাপনায় আগুন লাগার খবর পাওয়া যায়। এ ঘটনায় রিয়াদে বিমান চলাচলও বিঘ্নিত হওয়ার খবর এসেছে।

তুরস্কের সামরিক সহায়তার প্রস্তাব এমন এক সময়ে এলো, যখন সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলা এবং ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা নতুন করে বেড়েছে।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা, এপি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা