অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো এফ-৩৫-এর যন্ত্রাংশ গেল হংকংয়ে

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো স্টিলথ প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশের একটি চালান গন্তব্যে না পৌঁছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে চলে গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

চালানটিতে যুদ্ধবিমানের একটি ক্যানোপি বা স্বচ্ছ ছাদ ছিল, যা এফ-৩৫-এর স্টিলথ প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ। ককপিটের ওপর থাকা গম্বুজসদৃশ এই আবরণে রাডারের সংকেত এড়িয়ে চলতে বিশেষ স্বচ্ছ উপাদান ব্যবহার করা হয়।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে ওই যন্ত্রাংশ পাঠাতে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছিল। তবে চালানটি যুক্তরাষ্ট্রে না গিয়ে হংকংয়ে পৌঁছে যায়।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ যন্ত্রাংশগুলো বর্তমানে কোথায় রয়েছে বা কার কাছে আছে, তা স্পষ্ট নয়। তবে সেগুলো চীনের হাতে পৌঁছে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ ঘটনায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কংগ্রেসের যৌথ তদন্ত গত জুনে শুরু হয়। তদন্ত এখনো চলমান। সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ যন্ত্রাংশ উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে কীভাবে চালানটি নির্ধারিত গন্তব্যের বাইরে চলে গেল এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া যায়, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এফ-৩৫ যুদ্ধবিমানের ক্যানোপি শুধু ককপিট ঢাকার আবরণ নয়; এতে ব্যবহৃত বিশেষ উপাদান বিমানটির স্টিলথ সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। সময়ের সঙ্গে এই উপাদান ক্ষয়প্রাপ্ত হতে পারে। ফলে নির্দিষ্ট সময় পর ক্যানোপি পরিবর্তনের প্রয়োজন হয়।

পলিটিকোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নিজেদের ও মিত্র দেশগুলোর জন্য এখন পর্যন্ত ১ হাজার ৩০০টির বেশি এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করেছে।

সূত্র: পলিটিকো

Related posts

‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের, কৃত্রিম বুদ্ধিমত্তার নাম বদলানোর প্রস্তাব

ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে মার্কিন দুই শীর্ষ ডেমোক্র্যাটের আপত্তি

রিয়াদ ও আরামকোর স্থাপনায় হামলার দাবি হুথিদের, ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির