কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে প্রস্তুত করা ভুল গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে একটি চীনা জাহাজে অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে সিএনএনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনার সঙ্গে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, ওই জাহাজে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান রয়েছে বলে মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল। এ তথ্যের ভিত্তিতে জাহাজটি আটকে দেওয়ার প্রস্তুতি নেয় মার্কিন বাহিনী।
তবে পরে জানা যায়, বিশ্লেষকদের ব্যবহৃত একটি এআই চ্যাটবট জাহাজটির মালামাল ভুলভাবে শনাক্ত করেছিল। বিষয়টি জানার পর সম্ভাব্য অভিযান বাতিল করা হয়।
সিএনএনের উদ্ধৃত একটি সূত্র ওই গোয়েন্দা প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করে। তার ভাষ্য, ভুল তথ্যটি ‘প্রায় একটি যুদ্ধ শুরু করে দিয়েছিল’। তবে জাহাজটি প্রকৃতপক্ষে কী বহন করছিল কিংবা সেটি কোথায় যাচ্ছিল, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
ঘটনাটি নিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ডের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে চলতি মাসের শুরুতে এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক গবেষক প্রযুক্তির বিকাশ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে পদত্যাগ করেন। এর পরই সিএনএনের ওই প্রতিবেদনটি সামনে আসে।
অ্যানথ্রপিকের আরেক কর্মী সতর্ক করে বলেছেন, আগামী এক দশকের মধ্যে এআইয়ের কারণে মানবজাতি ধ্বংসের ঝুঁকি রয়েছে এবং এর সম্ভাবনা ১০ শতাংশের বেশি। তবে এসব সতর্কবার্তার মধ্যেও এআই প্রযুক্তির বিকাশ ব্যাপকভাবে সীমিত করার বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা।
অন্যদিকে পলিটিকো শুক্রবারের এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে মেরামতের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর পথে একটি এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ হংকংয়ে ডাইভার্ট হয়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় চীন সংবেদনশীল মার্কিন সামরিক প্রযুক্তি পেয়ে থাকতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
এফ-৩৫-এর সরবরাহ শৃঙ্খল পরিচালনাকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের একজন মুখপাত্র নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট চালান সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেন, প্রতিষ্ঠানটি ডিপার্টমেন্ট অব ওয়ার এবং ডিফেন্স লজিস্টিকস এজেন্সির সব নিয়ম ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করে।
সূত্র: এনডিটিভি