২৬ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির প্রস্তুতিমূলক বৈঠক আজ

স্থানীয় সরকার নির্বাচন এবং ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় অন্যান্য নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা অংশ নেবেন। এরই মধ্যে বৈঠকে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ও প্রযুক্তিগত সহায়তাসহ নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

সভায় অংশগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ছাড়া মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ডাক বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের। পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও অনুষ্ঠিত হবে।

Related posts

মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে: আইনমন্ত্রী

টিসিবির কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করল অস্ট্রেলিয়া