হাসিনা-কাদেরকে হস্তান্তর সম্পর্ক সহজ করার গুরুত্বপূর্ণ শর্ত: তথ্য উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সহজ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যদের বাংলাদেশে হস্তান্তর করা গুরুত্বপূর্ণ শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ভারত সরকার তাদের হস্তান্তর করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আমি ভারত সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত।’

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, ‘তার সঙ্গে আলাপের ইস্যুগুলোর মধ্যে এটাও ছিল। আমার জায়গা থেকে জানানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা ও আরও যারা আছেন, তাদের ব্যাপারে আমাদের অবস্থানটা এমন। বাংলাদেশের সঙ্গে ওয়ার্কিং এনগেজমেন্টের জন্য এগুলোর ব্যাপারে তাদের (ভারত) বিবেচনা করা উচিত।’

 

পুলিশের প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মানুষকে গ্রেপ্তারের ধারাবাহিক তথ্যের ভিত্তিতে ‘গণগ্রেপ্তার’ বা ‘নির্দোষ মানুষকে হয়রানির’ যে অভিযোগ উঠেছে, তা ‘ব্যাপকভাবে সত্য নয়’ বলে দাবি করেন জাহেদ উর রহমান।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অনিচ্ছাকৃত ভুল বা অন্যায় হতে পারে বলে স্বীকার করেন তিনি। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের বিচার বিভাগের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তথ্য উপদেষ্টা।

 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করলে নাগরিকদের সঙ্গে বিরূপ আচরণ করা বা সেবা না দেওয়ার প্রবণতাকেও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘কাউকে সম্মান করে “স্যার” বলা নিয়ে সমস্যা নেই। কিন্তু এটিকে বাধ্যতামূলক সম্বোধনের পর্যায়ে নিয়ে যাওয়াই সমস্যা।’

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান