লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান

লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করেছে ন্যাটোর অধীনে দায়িত্ব পালনরত একটি ইতালীয় যুদ্ধবিমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলারুশ সীমান্ত দিয়ে ড্রোনটি দেশটির আকাশসীমায় প্রবেশ করে। পরে রাজধানী ভিলনিয়াস থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত কাউনাসের উত্তরের প্রতকুনাই এলাকার কাছে এটিকে গুলি করে ভূপাতিত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রোবার্টাস কাউনাস জানান, ড্রোনটিতে বিস্ফোরক ছিল। এটি রাশিয়া নাকি অন্য কোনো দেশের, তা নিশ্চিত করতে ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনের পর রোবার্টাস কাউনাস বলেন, ইতালীয় যুদ্ধবিমানের এই হস্তক্ষেপ ‘আটলান্টিক জোটের গুরুত্ব’ এবং ‘প্রকৃত মিত্র হওয়ার অর্থ’ তুলে ধরেছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ঘটনাটিকে ইউরোপের বিরুদ্ধে ধারাবাহিক ‘আগ্রাসন ও উসকানি’র অংশ হিসেবে বর্ণনা করেছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলও এ ঘটনায় রাশিয়াকে দায়ী করে বলেন, ন্যাটোর সদস্যরা কোনো ধরনের হুমকিতে ভীত হবে না।

এর আগের দিন, বাল্টিক সাগরে রুশ যুদ্ধজাহাজ পর্যবেক্ষণকারী একটি ডেনিশ সামরিক হেলিকপ্টারের দিকে রাশিয়া ফ্লেয়ার নিক্ষেপ করেছিল বলে অভিযোগ ওঠে। এর পরদিনই লিথুয়ানিয়ার আকাশসীমায় ড্রোন প্রবেশের ঘটনা ঘটে।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোর ঘটনাপ্রবাহ নির্দেশ করে যে রাশিয়ার কর্মকাণ্ড সমগ্র ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।’

এদিকে গত রোববার রাশিয়ার একাধিক ড্রোন হামলার পর ন্যাটো মহাসচিব মার্ক রুটে ইউক্রেনকে অতিরিক্ত সহায়তার প্রতিশ্রুতি দেন। এর আগে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে ড্রোন হামলার ঘটনাও ঘটে। ওই ট্রেনটি দিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিনিধিদের একটি দল হামলার কয়েক মিনিট আগে অতিক্রম করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে রোবার্টাস কাউনাস বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিস্তৃত হচ্ছে এবং কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। তিনি আরও মন্তব্য করেন, ‘পুতিন কোনো শান্তিপূর্ণ সমাধান চান না।’ তবে এসব অভিযোগের বিষয়ে রাশিয়ার কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

 

Related posts

মক্কায় হামলার দাবি ‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’: হুথি কর্মকর্তা

ইয়েমেনে সংঘাত তীব্র, ঘরছাড়া এক লাখের বেশি মানুষ: জাতিসংঘ

সৌদি-ইয়েমেন সংঘাত: মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি