ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের বিশাল অস্ত্র প্যাকেজ দিচ্ছে ট্রাম্প প্রশাসন

ইসরায়েলের কাছে আনুমানিক ২৮০ কোটি (২.৮ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের একটি বিশাল অস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তা ও পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই সামরিক প্যাকেজের আওতায় ইসরায়েলকে প্রায় ৪০ হাজার উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক বোমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২০ হাজার ‘এমকে৮৪’—২ হাজার পাউন্ড ওজনের সাধারণ ফ্রি-ফল বোমা এবং ২০ হাজার ‘বিএলইউ-১১৭’ বহুমুখী ভারী বোমা রয়েছে।

সরবরাহের জন্য নির্ধারিত এসব বোমার বিভিন্ন সংস্করণ রয়েছে। এর কিছু ভূগর্ভে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, আবার কিছু ভূ-পৃষ্ঠে বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।

এপি জানিয়েছে, সম্ভাব্য এই অস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। চুক্তিটির বেশিরভাগ অর্থ বৈদেশিক সামরিক অর্থায়ন (এফএমএফ) তহবিল থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবহার করে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই অস্ত্র কেনার সুযোগ দেওয়া হয়।

এদিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সব বৈদেশিক অস্ত্র বিক্রি নির্ধারিত নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হয়। তবে প্রক্রিয়াধীন কোনো নির্দিষ্ট চুক্তি নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি তিনি।

সূত্র: আল জাজিরা

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান