ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্র ‘সরাসরি আলোচনা’ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ হুথিদের দখলে যাওয়ার পর তিনি এ কথা জানান।
ক্যানসাস যাওয়ার উদ্দেশ্যে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেডি ভ্যান্স বলেন, উদ্ভূত পরিস্থিতি মার্কিন প্রশাসন সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমেরিকা অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’
হুথিদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা সরাসরি হুথিদের সঙ্গেও আলোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তাই পরিস্থিতি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেই মনে করি।’
পরিস্থিতিকে পরিবর্তনশীল উল্লেখ করে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে ওয়াশিংটন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবে।
সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুথিদের সাম্প্রতিক হামলা এবং ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে গোষ্ঠীটির সংঘাত তীব্র আকার ধারণ করার মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্টের এ মন্তব্য সামনে এলো।
সূত্র: আনাদোলু এজেন্সি