Home আজকের মিল্লাত নতুন মার্কিন ক্ষেপণাস্ত্রের হামলায় ইরানে বেসামরিক প্রাণহানি

নতুন মার্কিন ক্ষেপণাস্ত্রের হামলায় ইরানে বেসামরিক প্রাণহানি

A+A-
Reset

ইরানে মার্কিন হামলায় প্রথমবারের মতো ব্যবহৃত নতুন প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম) থেকে ছিটকে পড়া ক্ষুদ্র ধাতব দানা বহুদূর ছড়িয়ে পড়ে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটিয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নজরদারি সংস্থা এয়ারওয়ার্স ও কয়েকজন প্রতিরক্ষা বিশেষজ্ঞের বিশ্লেষণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের লামের্দ শহরে মার্কিন বাহিনী তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় বিস্ফোরণস্থল থেকে প্রায় ৫০ মিটার দূর পর্যন্ত মানুষ নিহত হন এবং এর প্রায় তিন গুণ দূরের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়।

ইরানের সরকারি তথ্য অনুযায়ী, তিনটি বিস্ফোরণে সাত শিশুসহ অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হন। লামের্দের একটি ক্রীড়া কমপ্লেক্স ও দুটি আবাসিক এলাকায় এসব হামলা চালানো হয়। বিশেষজ্ঞদের মতে, হামলার ক্ষয়ক্ষতির ধরন পিআরএসএম ক্ষেপণাস্ত্রের ধ্বংসক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক উপদেষ্টা মাইকেল মাইয়ার বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় পিআরএসএম ক্ষেপণাস্ত্র ব্যবহারের কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া কঠিন। এ ছাড়া বার্তা সংস্থা এপির সঙ্গে কথা বলা সাবেক দুই মার্কিন কর্মকর্তাসহ ছয়জন বিশেষজ্ঞ হামলায় মার্কিন পিআরএসএম ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছেন।

হামলার সময় বিস্ফোরণস্থল থেকে প্রায় ১৭০ মিটার দূরে থাকা একটি বিদ্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়। শহীদ নাইমি স্পোর্টস হলে সাত বেসামরিক নাগরিক নিহত হন।

অন্যদিকে, তাল-ই খানদাঘ এলাকায় বাড়ির সামনে খেলছিল দুই বছর বয়সী শিশু আবিনা বারজেগার। বিস্ফোরণস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে ছিটকে আসা ধাতব ছররার আঘাতে শিশুটি নিহত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, এ অনুসন্ধান পুরোনো তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। যদিও এর এক দিন পর, ১ মার্চ, ইরানে প্রথমবার পিআরএসএম ব্যবহারের ছবি ও তথ্য প্রকাশ করেছিল মার্কিন কর্তৃপক্ষ।

ইসরায়েলি সামরিক বাহিনীও ওই দিন লামের্দ এলাকায় কোনো হামলা চালানোর কথা অস্বীকার করে।

এদিকে লামের্দে হামলার পরপরই পেন্টাগন অস্ত্রটির উৎপাদন বাড়াতে লকহিড মার্টিনের সঙ্গে ৪০০ কোটি ডলারের বেশি মূল্যের একটি চুক্তি করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। চুক্তির আওতায় পিআরএসএম ক্ষেপণাস্ত্রের উৎপাদন চার গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা