অর্থায়নের ঘাটতিতে গাজার ২০টির বেশি হাসপাতালে ডিজেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত

অর্থায়নের ঘাটতির কারণে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে গাজার ২০টিরও বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আল-বুরশ এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ড. মুনির আল-বুরশ সতর্ক করে বলেন, বর্তমানে মজুত থাকা সীমিত পরিমাণ ডিজেল দিয়ে স্বাস্থ্যকেন্দ্রগুলো কোনোভাবে সচল রাখা সম্ভব হলেও নতুন সিদ্ধান্তের কারণে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও গভীর সংকটে পড়বে।

পৃথক এক পোস্টে তিনি বলেন, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার অর্থ শুধু হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে যাওয়া নয়। এর ফলে অস্ত্রোপচার কক্ষ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে ভেন্টিলেটর ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এতে ইনকিউবেটরে থাকা নবজাতক, ডায়ালাইসিসে থাকা রোগী, আহত ব্যক্তি এবং গুরুতর অসুস্থ রোগীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি।

ড. মুনির আরও বলেন, ডিজেল সরবরাহ বন্ধ হলে অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি ওষুধ ও টিকার কোল্ড চেইন ব্যবস্থাও অচল হয়ে পড়তে পারে। ফলে জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

তার অভিযোগ, এটি কোনো সাময়িক জ্বালানি সংকট নয়। বরং ডিজেল সরবরাহ বন্ধ হলে গাজার হাসপাতালগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে এবং বহু রোগী প্রতিরোধযোগ্য মৃত্যুর মুখে পড়তে পারেন।

এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক দাতা সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে গাজার হাসপাতালগুলোতে ডিজেল সরবরাহ বন্ধের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান