বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৩ সেপ্টেম্বর) ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক তথ্যের বরাতে ফার্স্টপোস্ট জানায়, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৬৭ কোটি ডলার। বিপরীতে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য হয়েছে ১ হাজার ৭২ কোটি ডলার। অর্থাৎ ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় ১৯৫ কোটি ডলার বেশি।

তবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অবস্থানে উঠে আসার বিষয়টি ভারতের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিল্লি ও ঢাকার মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই পরিবর্তন এসেছে।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়াই দুই দেশের বাণিজ্য বাড়ার অন্যতম প্রধান কারণ। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি ২৪৯ কোটি ডলার থেকে ৪৩ শতাংশ বেড়ে ৩৫৬ কোটি ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, একই সময়ে ভারত থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৭ দশমিক ৫ শতাংশ কমেছে। পাশাপাশি ভারতে বাংলাদেশের রপ্তানিও কমেছে প্রায় ৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে আলোচনা ও বাণিজ্যিক সমঝোতার অংশ হিসেবে ঢাকা ওয়াশিংটন থেকে পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নেয়। এর ফলে দুই দেশের বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষ করে তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানির ক্ষেত্রেও ভারতের অবস্থান কিছুটা পিছিয়ে পড়ার চিত্র দেখা গেছে। ফলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: ফার্স্টপোস্ট

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান