লা লিগায় হারের ধাক্কা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া আলভারো কারেরাস ও জুড বেলিংহ্যাম একটি করে গোল করে রিয়ালের জয়ে অবদান রাখেন।
সম্প্রতি একাধিকবার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে নিজের প্রত্যাশার কথা বলেছেন এমবাপ্পে। এ নিয়ে ফুটবলাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। তবে মাঠে সেই চাপের কোনো প্রভাব পড়তে দেননি ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। ২০১৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম ১৭ মিনিটেই গোল ও অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন তিনি।
ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে রিয়াল। প্রথমার্ধেই রায়ো ভায়েকানোর জালে তিনবার বল পাঠিয়ে স্বস্তিতে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর অবশ্য আগের মতো ছন্দ ধরে রাখতে পারেনি তারা। এ সময় রিয়ালের গোলবার সামলাতে বেশ ব্যস্ত থাকতে হয় অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়াকে।
শুরু থেকেই রায়ো ভায়েকানোর রক্ষণে চাপ তৈরি করতে থাকে রিয়াল। এমবাপ্পের একটি পেনাল্টির আবেদন নাকচ হওয়ার পর ১৩ মিনিটে বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে ফাউলের শিকার হন কারেরাস। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে।
এর মাত্র তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এমবাপ্পের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর কারেরাস প্রতিপক্ষের জালে বল জড়িয়ে স্কোরশিটে নিজের নাম তোলেন।
এরপর ভিনিসিয়ুস জুনিয়রের জোরালো একটি শট দারুণভাবে ঠেকান রায়ো ভায়েকানোর গোলরক্ষক।
প্রথমার্ধের ৩৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি আসে বেলিংহ্যামের পা থেকে। ভিনিসিয়ুস জুনিয়রের কাট-ব্যাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ইংলিশ মিডফিল্ডার। বিরতির ঠিক আগে এমবাপ্পের শক্তিশালী শট পোস্টে না লাগলে প্রথমার্ধেই ব্যবধান আরও বাড়াতে পারত রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সার্জিও কামেলো গোল করে রায়ো ভায়েকানোকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে এরপর আর স্বাগতিকদের ওপর তেমন চাপ তৈরি করতে পারেনি সফরকারীরা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে রিয়াল।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে আসে রিয়ালের চতুর্থ গোল। আরদা গুলেরের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।
এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে লা লিগায় এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়াল ছয়টি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার সপ্তম গোল।
রায়ো ভায়েকানোর বিপক্ষে এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে শেষ ১৫ ম্যাচে ১৪তম জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন জুড বেলিংহ্যাম।