‘যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোন’: যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্র যদি সত্যিই যোদ্ধা জাতি হয়ে থাকে, তাহলে ইরানের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর অভিযোগ, ইরানের সামরিক বাহিনীকে এড়িয়ে মার্কিন বাহিনী এখন সরাসরি বেসামরিক জনগণ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তবে পরিস্থিতি যত কঠিনই হোক, তেহরান ওয়াশিংটনের কাছে মাথা নত করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

রোববার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘যদি মার্কিনিরা যোদ্ধা হয়, তাহলে আমাদের বীর সেনাদের মোকাবিলা করুক। কেন তারা আমাদের বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও সাধারণ মানুষের জীবনযাত্রার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে? মানুষ হলে কেন সাধারণ মানুষকে খাবার ও ওষুধ থেকে বঞ্চিত করছে?’

তিনি আরও বলেন, ইরানি জনগণকে ‘গুণ্ডামির’ কাছে নতিস্বীকার করানো যাবে না। ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি।

টানা ৪০ দিনের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হলেও মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ বজায় রেখেছে বলে অভিযোগ করেছেন পেজেশকিয়ান। তাঁর দাবি, এর ফলে খাদ্য, ওষুধসহ জরুরি নিত্যপ্রয়োজনীয় পণ্য ইরানে প্রবেশে বাধার সৃষ্টি হচ্ছে।

পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্যে মূলত এই নৌ-অবরোধেরই কঠোর সমালোচনা উঠে এসেছে। তিনি অভিযোগ করেন, সামরিক সংঘাতের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ সৃষ্টি করাও যুক্তরাষ্ট্রের কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত সীমিত করে রেখেছে।

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে যে পরিমাণ জাহাজ চলাচল করত, বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় প্রণালিটিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই দেশের পাল্টাপাল্টি চাপ ও অবরোধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান