কারা মহাপরিদর্শক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল

কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। একই সঙ্গে তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ মোস্তফা কামাল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং মো. সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পান।

তবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পরই তা বাতিল করা হয়েছে। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আগের প্রজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে নতুন করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হলেও সেটি এখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

নিয়োগের দিনই প্রজ্ঞাপন বাতিলের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান বলেন, ‘আমি একটু হাসপাতালে আসছি। আপনি ওয়েবসাইট দেখে এ বিষয়ে জেনে নেন।’ এ কথা বলেই তিনি ফোন কেটে দেন।

এর আগে গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকেই কারা অধিদপ্তরের শীর্ষ পদে নতুন নিয়োগ নিয়ে আলোচনা চলছিল।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান