যুক্তরাষ্ট্রে আগস্টে কর্মসংস্থানে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে দেশটিতে ১ লাখ ৬২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একই সময়ে বেকারত্বের হার অপরিবর্তিত থেকে ৪ দশমিক ১ শতাংশে রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি তথ্যে এসব তথ্য জানানো হয়েছে। প্রত্যাশার চেয়ে ভালো এই ফল আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে কিছুটা স্বস্তি দিয়েছে।
ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস) জানিয়েছে, আগস্টে রেস্তোরাঁ ও বার খাতে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি স্থানীয় সরকার পরিচালিত শিক্ষা খাতেও কর্মসংস্থান ঘুরে দাঁড়িয়েছে। গ্রীষ্মকালীন ছুটির কারণে আগের মাসে যে কর্মসংস্থান কমেছিল, আগস্টের বৃদ্ধিতে তার বড় অংশ পুষিয়ে গেছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জুন ও জুলাইয়ের কর্মসংস্থানের হিসাবও মোট ৫৫ হাজার বাড়িয়ে সংশোধন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ধারাবাহিক প্রবৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নতুন এই পরিসংখ্যান ট্রাম্পের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে তার রিপাবলিকান পার্টি। বিশ্বের বৃহত্তম অর্থনীতির অবস্থা ভোটারদের কাছে নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।
তবে কর্মসংস্থানের এই ইতিবাচক তথ্য প্রকাশের পর শেয়ারবাজারে দরপতন দেখা গেছে। বিনিয়োগকারীদের নজর এখন চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় ফেডারেল রিজার্ভের সুদের হার নির্ধারণী বৈঠকের দিকে।
শ্রমবাজারে শক্তিশালী প্রবৃদ্ধি অর্থনীতির সুস্থ অবস্থার ইঙ্গিত দিলেও এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনা। তবে পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৩ শতাংশ। আগস্টের মূল্যস্ফীতির তথ্য আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা।
ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধ এবং তার শুল্কনীতির কারণে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানির দামও ব্যাপকভাবে বেড়েছে। মে মাসে মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠলেও পরে তা কিছুটা কমেছে।
ফেডারেল রিজার্ভের কয়েকজন নীতিনির্ধারক ইঙ্গিত দিয়েছেন, আগস্টের মূল্যস্ফীতির তথ্যে কমার ধারাবাহিকতা না থাকলে তারা সুদের হার বাড়ানোর পক্ষে অবস্থান নিতে পারেন।
কেপিএমজির প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়ঙ্ক এএফপিকে বলেন, আগস্টের কর্মসংস্থানের তথ্য ‘আশ্বস্ত করার মতো’। তবে এক মাসের তথ্য দিয়ে কোনো নির্দিষ্ট প্রবণতা নির্ধারণ করা যায় না বলেও সতর্ক করেন তিনি।
সোয়ঙ্ক বলেন, প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার আবার চাঙ্গা হয়ে উঠছে। শ্রমবাজারের এই শক্তিশালী অবস্থান ফেডারেল রিজার্ভের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কারণ বর্তমানে চাহিদার পাশাপাশি সরবরাহজনিত ধাক্কাও রয়েছে।
বিএলএসের তথ্য অনুযায়ী, আগস্টে রেস্তোরাঁ ও বার খাতে ৫৯ হাজার কর্মসংস্থান বেড়েছে। গত এক বছরে এই খাতে মাসিক গড় কর্মসংস্থান বৃদ্ধির তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। ওই সময়ে মাসে গড়ে ১২ হাজার কর্মসংস্থান বেড়েছিল।
এ ছাড়া স্থানীয় সরকার পরিচালিত শিক্ষা খাতে কর্মসংস্থান বেড়েছে ৪২ হাজার। এর বেশিরভাগই সরকারি স্কুলে। তবে জানুয়ারি থেকে এ খাতে মোট কর্মসংস্থানে নিট পরিবর্তন খুবই সামান্য।
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে স্বাস্থ্যসেবা খাত। আগস্টে এই খাতে আরও ১৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।