Home আজকের মিল্লাত পুতিনের মল-মূত্রও বিদেশ সফর শেষে রাশিয়ায় নিয়ে যায় নিরাপত্তা দল

পুতিনের মল-মূত্রও বিদেশ সফর শেষে রাশিয়ায় নিয়ে যায় নিরাপত্তা দল

A+A-
Reset

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য, এমনকি মল-মূত্রও বিশেষভাবে সংগ্রহ করে সিলগালা করা ব্রিফকেসে রাশিয়ায় নিয়ে যায় তার নিরাপত্তা দল। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যাতে এসব নমুনা বিশ্লেষণ করে তার শারীরিক অবস্থা বা স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে না পারে, সে কারণেই এমন কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পুতিনের বডিগার্ডরা তার ব্যবহৃত বর্জ্য সংগ্রহ করে বিশেষ ব্রিফকেসে সিলগালা করে বিমানে নিয়ে যান। ২০১৭ সালে ফ্রান্স, ২০১৯ সালে সৌদি আরব এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের আলাস্কা সফরেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রুশ সাংবাদিক ফরিদা রুস্তমোভা জানিয়েছেন, ১৯৯৯ সালে ক্ষমতার শীর্ষে আসার পর থেকেই পুতিন বিদেশ সফরে এ ধরনের ব্যবস্থা অনুসরণ করে আসছেন। এমনকি সফরের সময় তিনি বহনযোগ্য বিশেষ টয়লেটও ব্যবহার করেন বলে দাবি করা হয়েছে।

পুতিনের বিদেশ সফরের নিরাপত্তার এই গোপনীয় ও কঠোর ব্যবস্থাপনা পরিচালনা করে রাশিয়ার ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস (এফএসও)। দৃশ্যমান নিরাপত্তারক্ষীদের পাশাপাশি তার নিরাপত্তাব্যবস্থায় প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের (এসবিপি) বিশেষ প্রশিক্ষিত সদস্যরাও কাজ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব নিরাপত্তারক্ষীর বাছাই ও প্রশিক্ষণে বয়স, শারীরিক সক্ষমতা এবং মানসিক প্রস্তুতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুতিনের খাবার নিয়েও রয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। বিষপ্রয়োগের ঝুঁকি এড়াতে খাবার তৈরির আগে উপাদানগুলো পরীক্ষাগারে পরীক্ষা করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এরপর খাবার পরিবেশনের আগে নিরাপত্তারক্ষীরা তা পরীক্ষা করে দেখেন।

বিদেশ সফরে পুতিনের যাতায়াতেও নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। তিনি গ্রেনেড প্রতিরোধী ও জরুরি অক্সিজেন সুবিধাসম্পন্ন ‘আউরাস সেনাট’ লিমুজিন ব্যবহার করেন। পাশাপাশি বিশেষভাবে সুরক্ষিত ‘ডুমসডে প্লেন’ হিসেবে পরিচিত বিমানে ভ্রমণ করেন।

পুতিনের ব্যবহৃত ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইউ বিমানে সুরক্ষিত যোগাযোগব্যবস্থা, মেডিকেল সুবিধা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা