ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য কিংবা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রসচিব ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার (৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে অবস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়টিতে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেন হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা যা বলছেন, তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বিষয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সংশ্লিষ্ট।
ভারত সরকারের অবস্থান স্পষ্ট করে শ্রিংলা বলেন, শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকার বা নয়াদিল্লির কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই।
বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সাবেক এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি দীর্ঘদিনের। বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ ও অগ্রগতির স্বার্থে ভারতের সঙ্গে ইতিবাচক ও সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
তিনি বলেন, ভারত সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী। দুই দেশের জনগণের স্বার্থেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার অংশীদারি আরও জোরদার হওয়া উচিত।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করা স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ।
নির্বাচিত নেতৃত্বের সঙ্গে কার্যকর কূটনৈতিক বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতায় ইতিবাচক বার্তা বহন করে বলেও মন্তব্য করেন তিনি।