ইরানের সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

সিরিয়ার অধিকৃত জাবল আল-শেখ (মাউন্ট হারমন) এলাকা পরিদর্শনের সময় ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রী সরকার পতনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে সঙ্গে নিয়ে ওই অঞ্চল পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

ঘটনাস্থলে নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের বেশ কিছু লক্ষ্য এখনো পূরণ করা বাকি রয়েছে। এর মধ্যে প্রধান লক্ষ্য হলো তেহরানের বর্তমান সরকারকে উৎখাত করা। এই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছেন বলেও দাবি করেন তিনি।

নেতানিয়াহু আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইরানের মূল প্রভাববলয় বা ‘অক্ষ’ পুরোপুরি ধসে পড়বে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের বরাতে জানা যায়, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব ও সামরিক উপস্থিতির যৌক্তিকতা তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল নিজেদের সীমান্ত এলাকায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ঘাঁটি স্থাপন কিংবা নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ দেবে না।

দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে বলেও পুনর্ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন সময়ে এলো, যখন সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সামরিক উপস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় তাদের কার্যক্রম নিয়ে আঞ্চলিক পর্যায়ে ব্যাপক আলোচনা রয়েছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান