জ্বালানি তেলের দাম দ্বিগুণ করল ইরান

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জোরদারের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের একটি অংশে নতুন করে ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করতে যাচ্ছে ইরান। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস নাউ।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে পারস্য উপসাগরের নির্দিষ্ট অংশ পর্যন্ত একটি নিষিদ্ধ এলাকা গঠন করা হবে। এই এলাকায় প্রবেশকারী যেকোনো জলযানকে ইরানের নিজস্ব নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে অভ্যন্তরীণ অর্থনীতির ওপর চাপ মোকাবিলায় পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে মাসিক কোটার তৃতীয় ধাপের পেট্রোলের দাম প্রতি লিটারে ৫ হাজার তোমান থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করা হবে।

তবে মাসিক কোটার প্রথম ও দ্বিতীয় ধাপের পেট্রোলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র ফাতেমে মহাজেরানি।

ইরানে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন মার্কিন-ইসরায়েল সংঘাত শুরুর পর দেশটির মুদ্রা রিয়ালের মান ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২ দশমিক ২ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের ওপর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন। এর অংশ হিসেবে ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে সামুদ্রিক অবরোধ ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে ওয়াশিংটন।

ফলে একদিকে আন্তর্জাতিক চাপ ও নৌ অবরোধ, অন্যদিকে মুদ্রার অবমূল্যায়ন ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট—সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে ইরান।

সূত্র: টাইমস নাউ

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান