ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, এলাকা ছাড়ল দুই মার্কিন যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি বাহিনী দাবি করেছে, হামলার পর ক্ষতিগ্রস্ত হয়ে মার্কিন যুদ্ধজাহাজ দুটি ‘সংঘর্ষের এলাকা’ ছেড়ে চলে যায়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রই মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানেনি এবং এতে কোনো মার্কিন সেনা আহত হননি।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের দাবি, যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজকে হয়রানি এবং সমুদ্রপথে অবরোধে অংশ নিচ্ছিল।

আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধজাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওই এলাকা ছেড়ে চলে যায়। একই সঙ্গে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) স্বীকার করেছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী।

তবে সেন্টকমের বক্তব্য ভিন্ন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে জাহাজ দুটি হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়। এতে কোনো মার্কিন সেনা আহত হননি এবং যুদ্ধজাহাজ দুটিতে ক্ষয়ক্ষতিরও কথা জানায়নি যুক্তরাষ্ট্র।

হামলার পর আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে দেশটির সশস্ত্র বাহিনী আরও ‘তীব্র’ জবাব দেবে।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) আইআরজিসির নৌবাহিনী জানিয়েছিল, ইরানি একটি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার এবং অন্যত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।

অন্যদিকে সেন্টকম জানিয়েছে, পরবর্তী সময়ে মার্কিন বাহিনী ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনাও আরও বেড়েছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান