মদিনার সব মসজিদে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে।

এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে চালু রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীরা মসজিদে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।

এতে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ বা অন্য কোনো কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। তারা মসজিদে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।

তবে মসজিদে নববী এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান রয়েছে।

নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান