প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের এই দিনে ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর দীর্ঘ ১৮ মাস বা ৫৫৪ দিন কারাবন্দি ছিলেন তিনি।

কারাবন্দি অবস্থায় রিমান্ডের নামে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। নির্যাতনে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ভর্তি করা হয়।

পরে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। এরপর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমানও তার সঙ্গে লন্ডনে যান।

কারামুক্তির পর থেকেই দীর্ঘ নির্বাসিত জীবন শুরু হয় তারেক রহমানের। পরবর্তীতে তিনি বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বর্তমানে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবছর ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন। দিবসটি উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচিও নেওয়া হয়।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান