গঙ্গা চুক্তি নবায়নে বিহারের উদ্বেগ বিবেচনায় নেওয়া হবে:এস জয়শঙ্কর

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের আগে ভারতের বিহার রাজ্যের উদ্বেগ ও স্বার্থ বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ আগস্ট বিহারের সাবেক পানিসম্পদমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সঞ্জয় ঝাকে এ বিষয়ে একটি চিঠি দেন জয়শঙ্কর।

চলতি বছরের ডিসেম্বরের শেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে গঙ্গার পানির একটি নির্ধারিত হিস্যা পেয়ে থাকে বাংলাদেশ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এটি নবায়নের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

তবে চুক্তি নবায়নের বিরোধিতা করে আসছে ভারতের বিহার সরকার। রাজ্যটির দাবি, গঙ্গা পানি বণ্টন চুক্তির কারণে বিহার ও সেখানকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিহারের সাবেক পানিসম্পদমন্ত্রী সঞ্জয় ঝাও দীর্ঘদিন ধরে চুক্তিটি নবায়ন না করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

সঞ্জয় ঝাকে দেওয়া চিঠিতে জয়শঙ্কর বলেন, ‘গঙ্গা পানি চুক্তি নিয়ে আপনাদের উদ্বেগ আমরা পুরোপুরি বুঝতে পারছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে সবার সঙ্গে বিস্তৃত আলোচনার জন্য জলশক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করা হয়েছে।’

চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, জলশক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে ২০২৩ সালের ২২ আগস্ট ও ৩০ অক্টোবর এবং ২০২৪ সালের ১৫ মার্চ ও ৩১ মে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনায় উঠে আসা বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকার যথাযথ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিহারের পানিসম্পদমন্ত্রীর দায়িত্বে থাকা সঞ্জয় ঝা গঙ্গা চুক্তি নবায়নের তীব্র বিরোধিতা করে আসছেন। তার দাবি, এই চুক্তি বিহারের স্বার্থের জন্য ক্ষতিকর।

সঞ্জয় ঝা বলেন, ‘বিহার কোনো সুবিধা চাইছে না। আমরা আমাদের নিজস্ব বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চুক্তি নবায়ন না করার কথা বলছি। যেন আমাদের ১৩ কোটি মানুষ আরও ৩০ বছরের জন্য খাবার, কৃষি ও শিল্পাঞ্চলের প্রয়োজনীয় পানির সংকটে না পড়ে।’

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান