স্থানীয় সরকার নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত বদলানো যাবে ভোটার এলাকা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, আবেদনপত্র ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য পৃথক সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করার শেষ সময় ৭ সেপ্টেম্বর। আবেদনপত্র ইস্যুর শেষ সময় ৯ সেপ্টেম্বর এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ সময় ১০ সেপ্টেম্বর।

নির্ধারিত সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।

আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে গত সোমবার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

Related posts

পশ্চিম ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, সংকট আরও গভীর

যুক্তরাষ্ট্রে হ্যালোইন ছুটিতে একের পর এক বন্দুক হামলা, নিহত অন্তত ৬

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন