কলকাতার চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকেরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে একদল গেরুয়া পোশাক ও পাগড়ি পরিহিত বিক্ষোভকারী পত্রিকা কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে ভবনের প্রবেশদ্বারের পাশের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন তারা।
গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরদিন ২১ আগস্ট এ ঘটনা নিয়ে প্রথম পাতায় ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা।
ওই শিরোনামের তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আনন্দবাজার পত্রিকাকে শিরোনামটি প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় গেরুয়া পোশাক পরে প্রতিবাদ করার হুঁশিয়ারিও দেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন আনন্দবাজার পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করে।
মঙ্গলবার দুপুরে ওই সংগঠনসহ কয়েকজন বিক্ষোভকারী প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজারের প্রধান কার্যালয় হিসেবে পরিচিত ‘হোয়াইট হাউস’ ভবনের সামনে জড়ো হন। পুলিশের উপস্থিতিতেই তারা ভবনের মূল ফটকের সামনে গেরুয়া রঙের একটি উত্তরীয় ঝুলিয়ে বিক্ষোভে বসেন।
বিক্ষোভকারীরা বলেন, আনন্দবাজার পত্রিকা সরকারের সমালোচনা করতে পারে, মুখ্যমন্ত্রীরও সমালোচনা করতে পারে। তবে গেরুয়া রংকে অসম্মান করার অধিকার কারও নেই। পুলিশের নির্দেশ মেনে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন বলেও দাবি করেন তারা। একই সঙ্গে তাদের অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন।
কিছুক্ষণ অবস্থানের পর বিক্ষোভকারীরা মূল ফটকের পাশের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন। এ সময় তারা ‘আনন্দবাজার হায় হায়’ স্লোগান দেন এবং পরে ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে বিজেপির রাজ্য নেতৃত্ব দাবি করেছে, দলের পক্ষ থেকে এ ধরনের কোনো বিক্ষোভের ডাক দেওয়া হয়নি। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনাতেও এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল।
এদিকে ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আনন্দবাজার পত্রিকা কর্তৃপক্ষ। ঘটনার পর পত্রিকাটির সম্পাদক ঈশানী দত্ত রায় ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, গেরুয়া রং লাগানো দেয়ালটি আবার সাদা রঙে ফিরিয়ে আনা হয়েছে। পোস্টে ছবির ক্যাপশনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে উদ্ধৃত করে তিনি লেখেন—‘উচ্চ যেথা শির’।