‘স্বনির্ভর ভারত’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে দেশের নাগরিকদের স্বদেশি পণ্য ও সেবা ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা এড়িয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বার্তায় মোদি এসব আহ্বান জানান।
সোমবার প্রকাশিত সরকারি উপাত্ত অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত ৭ দশমিক ৮ শতাংশ হারে বেড়েছে। ইরান যুদ্ধসহ বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের এই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
বিশ্বজুড়ে যুদ্ধ, সংকট ও সরবরাহব্যবস্থায় বিঘ্নের কথা উল্লেখ করে মোদি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতির এই অগ্রগতি দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।
অর্থনীতির ওপর বৈশ্বিক সংকটের চাপ কমাতে নাগরিকদের বিদেশ ভ্রমণ সীমিত করা, অপ্রয়োজনীয় স্বর্ণ কেনা এড়িয়ে চলা এবং বিদেশে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ আয়োজনের পরিবর্তে দেশেই বিয়ের অনুষ্ঠান করার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে ‘ওয়েড ইন ইন্ডিয়া’ ধারণাকে জনপ্রিয় করার ওপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদি বলেন, স্বদেশি পণ্য ও সেবার ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। স্বদেশি ভাবধারাকে আরও জোরদার করতে পারলে স্বাধীনতার শতবর্ষে একটি উন্নত ভারত গড়ে তুলে তা দেশের তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া সম্ভব হবে।
এর আগে গত মে মাসেও আন্তর্জাতিক সংকট ও বিশ্ববাজারের অনিশ্চয়তার প্রভাব মোকাবিলায় নাগরিকদের গণপরিবহন ব্যবহারের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন গ্রহণ, সম্ভব হলে বাড়ি থেকে কাজ করা এবং জ্বালানি তেল ও স্বর্ণের ব্যবহার ও কেনাকাটা সীমিত করার আহ্বান জানিয়েছিলেন মোদি।
সূত্র: এনডিটিভি