ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের শীর্ষ পেশাদার ফুটবল লিগ মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক করে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। এবার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আবারও রেকর্ডের পাতায় নাম লেখালেন তরুণ এই ফুটবলার।

এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন কাভান। তার বয়স ছিল ১৬ বছর ৩৩৬ দিন।

রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩-১ ব্যবধানের জয়ে একটি গোল করেন কাভান সুলিভান। তার এই গোলেই রেড বুলসের টানা সাত ম্যাচের অপরাজিত থাকার ধারার অবসান ঘটে।

পেশাদার ক্যারিয়ারে প্রথম গোল ও অ্যাসিস্টের জন্য চলতি মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কাভানকে। তবে গোল ও অ্যাসিস্টে ছন্দ ফিরে পাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে নজর কাড়ছেন তিনি।

২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে এমএলএসে অভিষেক করে সবচেয়ে কম বয়সে লিগে খেলার রেকর্ড গড়েছিলেন কাভান। এরপর থেকে বয়সের বিভিন্ন রেকর্ড ভেঙে নিজের প্রতিভার জানান দিয়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান