প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে সংসদের কার্যক্রম ও দলীয় অবস্থান নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সরকারের চলমান কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বৈঠকের আলোচনায় স্থান পেতে পারে বলে জানা গেছে।
সংসদের তৃতীয় অধিবেশন কীভাবে পরিচালিত হবে, অধিবেশনে সরকারের অগ্রাধিকার কী থাকবে এবং বিভিন্ন বিষয়ে দলীয় অবস্থান ও কৌশল কী হবে—এসব বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনকে সামনে রেখে সরকারদলীয় এমপিদের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।