ভারী বৃষ্টির শঙ্কায় সৌদির মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পর সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। বুধবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সৌদি সিভিল ডিফেন্সের প্রকাশিত বিজ্ঞপ্তির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধ থেকে দূরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স।

সৌদি আরবের আবহাওয়া কেন্দ্রের ‘রেড অ্যালার্ট’ সর্বোচ্চ মাত্রার সতর্কবার্তা। চরম আবহাওয়া এবং এর ফলে সম্ভাব্য ঝুঁকি তৈরি হলে এ সতর্কতা জারি করা হয়।

গত কয়েক দিন ধরে মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় অস্থির আবহাওয়া বিরাজ করছে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাতও হয়েছে।

এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। ওই সতর্কতায় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানানো হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান