ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেও যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (২৬ আগস্ট) ইরানি সংবাদ সংস্থা আইএসএনএকে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দেওয়ার পর পেজেশকিয়ান এ প্রতিক্রিয়া জানান।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বৈশ্বিক আর্থিক স্বার্থকে লক্ষ্য করে নতুন করে অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে। সোমবার (২৪ আগস্ট) ট্রেজারি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের তেল খাতসহ সব ধরনের আয়ের উৎস বন্ধ করা এবং অন্যান্য দেশ ও কোম্পানিকে তেহরানের সঙ্গে ব্যবসা থেকে বিরত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের জবাবে পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না। এমনকি যুদ্ধের সময়ও তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।
তিনি বলেন, ‘এতদিন যেভাবে অর্থনৈতিক চাপ মোকাবিলা করেছি, ভবিষ্যতেও আমরা দৃঢ়ভাবে তা মোকাবিলা করে যাব।’
ইরানের অর্থনীতি দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানানোর পরই প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ প্রতিক্রিয়া জানালেন। নতুন পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।