Home আজকের মিল্লাত সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র

সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র

A+A-
Reset

সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে দেশটির সাবেক সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর ওপর থাকা ‘বিশেষ বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’র তকমাও প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানান। তিনি বলেন, এ ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে সিরিয়ার ওপর থাকা বিভিন্ন রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে এবং দেশটিতে সরাসরি মার্কিন সামরিক সহায়তা পাঠানোর সুযোগ তৈরি হবে।

রুবিও বলেন, গত এক বছরে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরীয় সরকার আইএস, আল-কায়েদা, হিজবুল্লাহ ও ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর নেটওয়ার্ক ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আহমেদ আল-শারা আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন।

সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন, দামেস্ক ও আঙ্কারার মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত এলো।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি টম বারাক ইসরায়েলি ওই হামলাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, ইসরায়েল তুরস্ককে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের শাসনামলে সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ কয়েক দশক পর ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের মাধ্যমে সেই অবস্থানের পরিবর্তন হলো।

গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশের ধারাবাহিকতায় এ প্রক্রিয়া এগিয়ে যায়। চলতি বছরের ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে আহমেদ আল-শারার বৈঠকের পর তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চ্যাথাম হাউজের সহযোগী গবেষক নাতাশা হল এ সিদ্ধান্তকে সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে ‘যুগান্তকারী পরিবর্তন’ হিসেবে অভিহিত করেছেন। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিরিয়ান আমেরিকান কাউন্সিলও।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা