দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৭০২ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করে বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িকভাবে মনোনীত ও সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে গণ্য হবেন।
২০২২ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে ৪৫তম বিসিএসের নিয়োগ কার্যক্রম শুরু হয়। এ বিসিএসে অংশ নিতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার চাকরিপ্রত্যাশী।
২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী।
মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে।
দীর্ঘ যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা শেষে পিএসসির সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ১ হাজার ৭০২ জনের নামে চূড়ান্ত গেজেট প্রকাশ করল জনপ্রশাসন মন্ত্রণালয়।