লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। গ্রেড-১ পদমর্যাদায় দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের জন্য ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে মোহাম্মদ আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার ভোগ না করা অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে মোহাম্মদ আব্দুল মুহিত অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত হতে পারবেন না। একই সঙ্গে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকারও সুযোগ থাকবে না।

যোগদানের দিন থেকে তার দুই বছরের নিয়োগের মেয়াদ কার্যকর হবে। এ ছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য হিসেবে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ৫(২) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, অপর এক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এসব প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান