Home আজকের মিল্লাত উত্তর কোরিয়াকে ঘিরে ঘনিষ্ঠ হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার জোট

উত্তর কোরিয়াকে ঘিরে ঘনিষ্ঠ হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার জোট

A+A-
Reset

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি মোকাবিলা এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ানের মধ্যে ফোনালাপে এ বিষয়ে সমঝোতা হয়। দুই দেশ যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছে।

তবে দুই পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্যে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, দুই দেশের জোটের স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন মার্কো রুবিও।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ান আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগের মাধ্যমে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে আবারও আলোচনা শুরু হতে পারে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী ট্রাম্প।

ট্রাম্প ও কিমের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চললেও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ। এরই মধ্যে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি ঘিরে ওয়াশিংটন ও সিউল নিজেদের মধ্যে সমন্বয় আরও জোরদার করছে।

ফোনালাপে উত্তর কোরিয়া ছাড়াও শুল্ক, বিনিয়োগ চুক্তি, দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা