Home আজকের মিল্লাত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ৫

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ৫

A+A-
Reset

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভোরে আঘাত হানা এ ভূমিকম্পে বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াডেস লাকা লেনা এক সংবাদ সম্মেলনে জানান, ঘুমন্ত অবস্থায় ভবন বা স্থাপনা ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে (জিএমটি রাত ৯টা ৫৮ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাতও অনুভূত হয়েছে।

তবে রাজধানী জাকার্তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন সুয়ার পেলিতা পাঞ্জাইতান প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। তাদের একজন পুরুষ ও একজন নারী। পরে স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আরও তথ্য যাচাই-বাছাই শেষে হতাহতের চূড়ান্ত সংখ্যা এবং ভূমিকম্পে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের কয়েকটি এলাকায় প্রায় তিন ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। এ ঘটনায় উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। আতঙ্কিত হয়ে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু এলাকায় চলে যান।

পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হলেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএমকেজির ভূমিকম্প ও সুনামি বিভাগের পরিচালক উইজায়ান্তো সাংবাদিকদের বলেন, সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

এদিকে ভূমিকম্পের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ফ্লোরেস দ্বীপের মাউমেরে শহরের একটি বন্দরে ধারণ করা একটি ভিডিও যাচাই করে এর অবস্থান নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওতে একটি ভবনের অংশবিশেষ ধসে পড়তে দেখা যায়। এ সময় আতঙ্কিত লোকজন চিৎকার করতে করতে রাস্তায় ছুটে বেরিয়ে আসেন।

স্থানীয় কমপাস টিভিতে সম্প্রচারিত আরেকটি ভিডিওতে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে এলাকার একটি হাসপাতাল থেকে রোগীদের দ্রুত বাইরে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা গেছে।

ভূমিকম্পের পর দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা