Home আজকের মিল্লাত অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

A+A-
Reset

অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন কমাতে দেশে উন্নত ও আধুনিক চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী অক্টোবর মাসে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। তিনি বলেন, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, ‘এমন একটি চিকিৎসাব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই, যাতে দেশের মানুষকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়।’

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে হাসপাতালটিতে নতুন ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে। এর ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ ক্রমাগত বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা বাড়ানো হলো।

নতুন ভবন চালুর ফলে দেশের স্নায়ুরোগে আক্রান্ত বিপুলসংখ্যক রোগী আরও বেশি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সুবিধা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা