Home আজকের মিল্লাত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

A+A-
Reset

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলীয় মোংলায় সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করার নির্দেশও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে দেশে পানির বিকল্প উৎস খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে লবণাক্ত পানি শোধন করে ব্যবহারযোগ্য করার পাশাপাশি নদীর পানি ব্যবহারের সম্ভাবনাও যাচাই করা হবে।

তিনি বলেন, গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে পানির সংকট মোকাবিলার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

ঢাকার পানির উৎস সম্পর্কে মীর শাহে আলম বলেন, রাজধানীর মোট পানির প্রায় ৭৪ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়। দীর্ঘদিন ধরে এভাবে পানি উত্তোলন করায় বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই ভূ-উপরিস্থ পানি ব্যবহারের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, মেঘনা নদী থেকে পানি এনে ঢাকায় সরবরাহের জন্য ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা সম্ভব হবে।

এ প্রকল্পে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা অর্থায়ন ও সহযোগিতা করবে বলেও জানান তিনি।

এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধন ও নিরাপদ পানি সরবরাহের জন্য ডেনমার্ক সরকার ১০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

পানির নিরাপত্তা নিশ্চিত করতে ভূগর্ভস্থ উৎসের পাশাপাশি নদী ও সমুদ্রের পানিকে শোধন করে ব্যবহারের উপযোগী করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে চাঁদপুর ও মোংলায় সম্ভাব্যতা যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা