হালাল সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার বিষয়ে আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়। এ জন্য ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (২৩ আগস্ট) সংশোধিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন।

সংশোধন অনুযায়ী, রুলস অব বিজনেসের সিডিউল-১-এ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনসংক্রান্ত তালিকায় ধর্ম মন্ত্রণালয়ের (‘মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’) অধীনে নতুন একটি দায়িত্ব যুক্ত করা হয়েছে।

তালিকায় থাকা আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে। এতে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ এবং হালাল সনদ দেওয়াসহ এ-সংক্রান্ত বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় এসেছে।

ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের হালাল মান যাচাই এবং সনদ দেওয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এ কার্যক্রমের আইনগত ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।

‘রুলস অব বিজনেস’ সংশোধনের মাধ্যমে এবার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হালাল মান নির্ধারণ ও সনদ দেওয়ার কার্যক্রমের প্রশাসনিক ও আইনগত ভিত্তি আরও স্পষ্ট হলো। ফলে ভবিষ্যতে এ খাতের মান নির্ধারণ, সনদ প্রদান ও সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হওয়ার সুযোগ তৈরি হলো।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান