প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্তে কাজ করছে ঢাকা-দিল্লি:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে ঢাকা ও দিল্লি কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে যোগ দেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘এ নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা ও দিল্লির জন্য সুবিধাজনক সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।’

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকেও ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির।

তিনি বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই তার অন্যতম দায়িত্ব। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পারস্পরিক সম্মান, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান