প্রথম এসিসি সভাতেই তামিম পেলেন বড় দায়িত্ব

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সভায় তাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এশিয়ার ক্রিকেটের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে এসিসির সভাপতি পদে পরিবর্তন এসেছে।

এতদিন এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব দেওয়া হতো। এবার এই তালিকায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে নির্ধারিত নিয়ম অনুযায়ী আফগানিস্তান থেকেও এসিসির সভাপতি নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হলো।

সভায় সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি।

এ ছাড়া ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে এসিসির নির্বাহী বোর্ডের নতুন সদস্য নির্বাচন করা হয়েছে।

সভায় এশিয়ার ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসির সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, ‘এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার একটি মাধ্যম। আমাদের আজকের এসব সিদ্ধান্ত এশিয়ার ক্রিকেটকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।’

তামিম ইকবালের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়াকে এশিয়ার ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হিসেবে দেখা হচ্ছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান