‘আওয়ামী লীগের পথেই হাঁটছে বর্তমান সরকার’: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ৫ আগস্টের পর জনগণ ফ্যাসিবাদের বিদায় হয়েছে বলে মনে করেছিল। কিন্তু দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে।

তিনি বলেন, সরকার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে সরে না এলে জনগণ আওয়ামী লীগের মতোই তাদেরও ক্ষমতা থেকে বিতাড়িত করবে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি বিশেষ রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক গুরুত্বপূর্ণ উপাদান সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে একটি দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলের ইতিহাসও মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত যুদ্ধের রিহার্সেল। সেই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, যারা অপরাধের দায় নিয়ে দেশ ছেড়েছেন, তাদের আর দেশে ফেরার সুযোগ নেই।

বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, সভ্য দেশের অন্যতম মাপকাঠি হিসেবে বিবেচিত পাসপোর্ট সূচকেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সেমিনারে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনম রফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পরে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান